স্টাফ রিপোর্টার:: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ষটিবাড়ী এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্লান্টের আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে বিশেষ করে সন্ধ্যা ও রাতে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। দুর্গন্ধের কারণে বাড়িঘরে স্বাভাবিকভাবে বসবাস, রান্নাবান্না ও চলাচলেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।এলাকাবাসীর দাবি, বর্জ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণে যথাযথ ব্যবস্থা না থাকায় কিংবা ব্যবস্থাপনার ত্রুটির কারণে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
ষটিবাড়ী এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘‘দুর্গন্ধের কারণে দীর্ঘ সময় ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।’’ তারা দ্রুত দুর্গন্ধের উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের পরিবেশগত মান যাচাই এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম চলবে—তবে তা যেন কোনোভাবেই আশপাশের মানুষের স্বাভাবিক জীবন ও পরিবেশের জন্য দুর্ভোগের কারণ না হয়। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।