স্টাফ রিপোর্টারঃ-
টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ও রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ধনবাড়ী পৌরসভার কালিপুর এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে পাকা সড়ক থেকে মো. আলিফ সরকার (২৭) ও মো. সুজন মিয়া (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) এলাকায় নাসিমা বেগম ওরফে নাসুর বসতঘরের সামনের উঠান থেকে তানজিল আহম্মেদ (২৫) ও তার স্ত্রী মোছা. সামিয়া আক্তার ওরফে শর্মি (২৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের হেফাজত থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ওসি মো. নূরুস সালাম সিদ্দিক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।