• নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার  ৭ নম্বর আলোকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. শামসুর রহমান (স্বপন)। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে ইতোমধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণায় ‘নেতা নয়, নিজ এলাকার সন্তান হব’—এই স্লোগানকে গুরুত্ব দিচ্ছেন শামসুর রহমান স্বপন। তাঁর দাবি, নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন।

প্রার্থিতা ঘোষণার সময় শামসুর রহমান স্বপন বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, জুয়া, মাদক ও নেশামুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং ইউনিয়নের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, সুশাসন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান। ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনায় সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। শামসুর রহমান স্বপন বলেন, “এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান স্বপন ৭ নম্বর আলোকদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।