স্টাফ রিপোর্টার:: মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন।  শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক  সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের  শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম  এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। ওসি একেএম ফজলুল হক জানান, নৃশংস হত্যাকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরত হালের পর লাশ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।