স্টাফ রিপোর্টার:: মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা জনক  অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে  ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক  জানান, রাত সাড়ে ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞতপুরুষ ০১ জন। অন্তত ২০ জন  আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।