স্টাফ রিপোর্টার:: মধুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক  মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জালালউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে   মধুপুর থানা অফিসার  ইনচার্জ( ওসি) একে এম ফজলুল  হক  জানান, ঘটনাস্থল  পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।