স্টাফ রিপোর্টার:: মধুপুর শালবন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং বন্যপ্রাণী রক্ষায় বড় উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মধুপুর শালবন পুনরুদ্ধারে ২১ লাখ ২০ হাজার দেশীয় প্রজাতির চারা রোপণ করা হবে। মঙ্গলবার (৩০ জুন)  মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। 

বন বিভাগের আয়োজনে এই সভায় বন এলাকার ছয়টি ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বন্যপ্রাণী সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি মধুপুর শালবনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কার্যক্রম সফল হলে বন্যপ্রাণী যেমন আবাসস্থল ফিরে পাবে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক রানা দেব ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা পারভীন প্রমুখ। বন বিভাগ আশা করছে, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ সফল হলে মধুপুর শালবন আবারও তার পুরোনো রূপ ফিরে পাবে।