স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে সুপরিচিত ও উজ্জ্বল নাম শাম্মী তুলতুল। লেখালেখির মাধ্যমে দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বাংলাদেশের সুনাম বয়ে আনছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই সাহিত্যিক একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, ভয়েস প্রেজেন্টার, দাবাড়ু ও মডেল।

ছোটবেলা থেকেই তিনি দেশের প্রথম সারির জাতীয় দৈনিক—কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক আজাদী, পূর্বকোণ এবং সরকারি প্রকাশনা শিশু ও নবারুণ-এ নিয়মিত লিখে আসছেন। পাশাপাশি জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউইয়র্ক, কানাডা ও প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকাতেও নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা।

রক্ষণশীল পারিবারিক পরিবেশ থেকে উঠে এসে নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে তিনি নিয়মিত সামাজিক অসঙ্গতি, বৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে লিখে থাকেন। নানা সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি নিরলসভাবে সৃষ্টিশীল কাজ চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, পিছুটানকে জয় করাই তার লক্ষ্য।

এ পর্যন্ত বাংলাদেশ ও ভারত মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা, পদ্মবু ও মনজুয়াড়ি, ভূত যখন বিজ্ঞানী, গণিত মামার চামচ রহস্য এবং পিঁপড়ে ও হাতির যুদ্ধ। এসব বই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। শিশু-কিশোর সাহিত্যেও তিনি সমানভাবে সক্রিয়। তার রচিত পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দীপ্ত টিভিতে নাট্যরূপে প্রচারিত হয়েছে এবং লাল শরবত নাটকটি সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ।

সম্প্রতি তার একটি গল্প ভারতের গবেষণাকর্মে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যজীবনে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া ভারতে নতুন বই প্রকাশের জন্যও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

শাম্মী তুলতুল "রুম টু রিড বাংলাদেশ"-এর এনলিস্টেড লেখিকা হিসেবে সম্মানিত হয়েছেন। সাহিত্যচর্চায় অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা লাভ করেছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড এবং নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার। এছাড়া গত ১২ মে তিনি কলকাতা থেকে উপন্যাসে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬ অর্জন করেন।

সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন রেডিওতে খবর পাঠ করেছেন এবং টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেছেন। সম্প্রতি তিনি বেগম রোকেয়ার চরিত্রে একটি ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হয়েছেন। এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "বেগম রোকেয়া আমাদের আইডল। তার চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে গর্ব অনুভব করছি। তিনিও একজন লেখক ছিলেন—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।"

দেশপ্রেম ও সংস্কৃতিচেতনায় বিশ্বাসী এই কথাসাহিত্যিকের স্বপ্ন—লেখালেখির মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা। তিনি বলেন, "লেখালেখির মাধ্যমে বিশ্বে নিজের দেশকে তুলে ধরাই আমার লক্ষ্য।"