স্টাফ রিপোর্টার:: মধুপুরে শালবন রক্ষা ও পুনরুদ্ধার করতে স্থানীয় জনগণ এবং বন বিভাগের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জুন) বিকেলে মধুপুর উপজেলার শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। সেই সাথে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ে ১০টি শাল গাছের চারা রোপন করা হয়।
অভিযোগ আছে যে, মধুপুর অঞ্চলের প্রায় ৮শত একর বনভূমি বেদখল করে সেখানে নানা ধরনের ফসল চাষ করা হচ্ছে। বনের জমি পুনরুদ্ধার ও শাল গাছ কাটা বন্ধের দাবিতে দীর্ঘদিন কাজ করছে স্থানীয় একদল যুবক। গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের ও পরিবেশকর্মী রাতুল মুন্সীর সমন্বয়ে স্থানীদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বনবিভাগের কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করে।
সভায় বক্তারা বলেন, মধুপুর শালবনে গাছ কেটে ও বনে আগুন লাগিয়ে বনভূমি বেদখলের ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, অসাধু ব্যবসায়ী প্রভাবশালী চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য গাছ নিধন করে এবং সেই শূন্য জায়গায় অগ্নিসংযোগের মাধ্যমে জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে।
পরিবেশকর্মী রাতুল মুন্সীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক রানা দেব, দোখলা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, সিএমসি সভাপতি আবদুল মোতালেব, শোলাকুড়ী কলেজের প্রভাষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান, বাপেক্স’র ডেপুটি ম্যানেজার হাসনাত নাহিদ, শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক লাল মিয়া সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী শোলাকুড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারি হাসান আলী, গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের ও স্থানীয় বনিক সমিতির সভাপতি ও ইউপি সদস্যরা।
সভায় গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের বলেন, আমরা যখন স্কুলে পড়তাম তখন এই শালবনে বনভোজন করতাম। সেই শালবন আর নেই, এটা ভাবতে কষ্ট হয়। সামাজিক বনায়নের নামে জমি দখল বন্ধ না হলে মধুপুরের ঐতিহ্য শালবন একদিন হারিয়ে যাবে।
বন কর্মকর্তা রানা দেব বলেন, আমরা দীর্ঘদিন ধরে বনের জমি পুনরুদ্ধারের চেষ্টা করছি। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব বলে আশা করা যায়।
পরিশেষে বক্তারা পরিবেশবাদী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ একযোগে মধুপুর শালবন রক্ষায় সকলকে সজাগ থাকার এবং প্রয়োজনীয় আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।