বিশেষ প্রতিবেদক: সরকার কর্তৃক রেশনিং পদ্ধতি ‍তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার দুই দিনেও মধুপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদামতো জ্বালানি তেল পাচ্ছেননা গ্রাহকরা। এ নিয়ে দিনভর পেট্রোল পাম্পগুলোতে ভিড় ও হুড়োহুড়ির লক্ষ করা গেছে। তেল নিতে সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার ও পরিবহন চালকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ফিলিং স্টেশন ইচ্ছামাফিক তেল দিচ্ছে এবং বিভিন্ন অজুহাতে সরবরাহ বন্ধ রাখছে। কোন কোন পাম্প দিনের বেশিরভাগ সময় বন্ধ রেখে সীমিত সময়ের জন্য তেল বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। অনেককে মাত্র অল্প টাকার তেল দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করছেন। পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ সীমিত রাখা হচ্ছে। দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। কিছু স্টেশন তেল মজুত রেখে বাজারে সরবরাহ না করে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনেক স্থানে ফিলিং স্টেশনগুলোর সামনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ক্রেতাদের সঙ্গে স্টেশন কর্মীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরকারি সূত্র বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মনিটরিং জোরদার করা হয়েছে এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ সেল চালু করা হয়েছে।

এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদন লেখা শেষ হওয়া পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।