স্টাফ রিপোর্টার:: মধুপুর উপজেলার আমলীতলা গ্রামে অবস্থিত সেন্ট যোসেফ গীর্জায় গত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল গভীর রাতে গীর্জার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধর্মীয় উপকরণ ও ব্যবহৃত আসবাবপত্রসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
গীর্জা কর্তৃপক্ষ জানায়, চোরেরা গীর্জায় ব্যবহৃত ৪টি সিলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ২টি ঢোল (খুল), ১ জোড়া করতাল, ২টি টুল, ৭টি প্লাস্টিকের চেয়ার, ১টি ঘণ্টা, বেদির কাপড়, সোলার বিদ্যুতের তার, সুইচবোর্ডসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গেছে। বিশেষ করে উপাসনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হারমোনিয়াম, তবলা ও ঢোল চুরি হওয়ায় বড় ধরনের ক্ষতি হলো বলে মন্তব্য করেন গীর্জার দায়িত্বশীলরা।
চুরির ঘটনা জানাজানি হওয়ার পর সকালে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন গীর্জায় ভিড় করেন এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেলেও কার্যকর নজরদারি নেই। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের চুরি শুধু আর্থিক ক্ষতিই নয়, মানসিকভাবে আঘাত করে বলেও তারা মনে করছেন।
এদিকে ঘটনাটি জানার পর সমাজের গণ্যমান্য ব্যক্তিরা গীর্জায় এসে পরিস্থিতি পরিদর্শন করেন এবং গীর্জা কমিটিকে সহায়তার আশ্বাস দেন।
মধুপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছে। পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি বেড়ে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এ ধরনের ঘটনার দ্রুত তদন্ত ও প্রতিকার জরুরি।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।