স্টাফ রিপোর্টার:: মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্থাপিত একটি পিলারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।